ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প প্রিন্স

ঈদের সিনেমার আলোচনায় শুরুতেই রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগৎকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ধারণা করা হচ্ছে সিনেমায় শাকিব খানের চরিত্রটি ‘কালা জাহাঙ্গীর’ নামের এক প্রভাবশালী আন্ডারওয়ার্ল্ড চরিত্রের আদলে রচিত। অপরাধজগতের উত্থান-পতন, ক্ষমতার দ্বন্দ্ব, প্রেম ও প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার কাহিনী। নির্মাতাদের মতে, নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আবহ ফুটিয়ে তুলতে সিনেমাটির নির্মাণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতির কারণে সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশাও অনেক।

সারভাইভালের গল্প দম

পরিচালক রেদওয়ান রনির নির্মাণ দম একটি সারভাইভালধর্মী সিনেমা। এতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমার গল্প মূলত মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং মানসিক দৃঢ়তার ওপর ভিত্তি করে এগিয়েছে। দুর্গম প্রাকৃতিক পরিবেশে একজন মানুষের প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে।

হুমায়ূন আহমেদের গল্পে বনলতা এক্সপ্রেস

ঈদে মুক্তির তালিকায় থাকা আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা তানিম নূরের পরিচালায় সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। সিনেমাটির কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে চিত্রা নামের এক তরুণী। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগিয়ে যায় পুরো গল্প। ঢাকাগামী একটি ট্রেনে চিত্রার একদিনের যাত্রাপথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তার দেখা হয়। সে যাত্রাপথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, আলাপ, সম্পর্ক ও অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচন হয় মানুষের জীবনের নানা বাস্তবতা। ট্রেনের কামরায় দেখা হওয়া অপরিচিত মানুষের সঙ্গে ক্ষণিকের এ সম্পর্কই গল্পটিকে এনে দেয় অন্য রকম আবহ।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। বিভিন্ন চরিত্রের উপস্থিতি ও তাদের পারস্পরিক কথোপকথনের মধ্য দিয়ে সিনেমাটি একধরনের মানবিক ও অনুভূতিপূর্ণ গল্প তুলে ধরবে বলে নির্মাতাদের আশা।

সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের এ প্রচেষ্টা দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ ট্রেনযাত্রার মতো সাধারণ একটি ঘটনার মধ্য দিয়েই মানবজীবনের নানা অনুভূতি ও সম্পর্কের গল্প তুলে ধরতে চায় বনলতা এক্সপ্রেস।

পিনিক

ঈদের সিনেমার তালিকায় রয়েছে বিনোদনধর্মী সিনেমা পিনিক। হাস্যরস, পারিবারিক সম্পর্ক এবং সমকালীন সামাজিক বাস্তবতাকে ঘিরে নির্মিত সিনেমাটি মূলত দর্শকের জন্য হালকা মেজাজের বিনোদন নিয়ে আসতে চায়। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত পিনিক বহুবার মুক্তির পরিকল্পনায় থেকেও প্রেক্ষাগৃহে পৌঁছতে পারেনি। কখনো উৎসবের ভিড়, কখনো প্রেক্ষাগৃহ সংকট, এমন নানা কারণে পিছিয়েছে এর মুক্তি। এবার নির্মাতা জাহিদ জুয়েল ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি অবশেষে দর্শকের সামনে আসতে যাচ্ছে। নির্মাতা আশা প্রকাশ করেছেন, এ সিনেমা দর্শক মহলে সাড়া ফেলবে।

রাক্ষস

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা রাক্ষস। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলাদেশ ও শ্রীলংকার বিভিন্ন মনোরম লোকেশনে হয়েছে শুটিং। সিনেমার গল্পে এক ভয়ংকর অপরাধী চরিত্র এবং তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। অপরাধ, রহস্য ও উত্তেজনায় ভরা গল্পের মাধ্যমে দর্শককে রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। নির্মাতাদের দাবি, অ্যাকশন দৃশ্য ও থ্রিলারধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি বড় পর্দায় দর্শককে আলাদা অভিজ্ঞতা দেবে।