ঘরে বসেই এখন দর্শক দেখতে পাচ্ছেন নানা ধাঁচের, নানা জনরার গল্প। ফলে ঈদকে সামনে রেখে ওটিটি প্লাটফর্মগুলোও হয়ে উঠেছে ব্যস্ত।
এ ঈদে সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েনকে কেন্দ্র করে আসছে রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-এ ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। পরিচালক হিসেবেও আছেন রেজাউর রহমান, যিনি সমসাময়িক গল্প বলার জন্য আগেই প্রশংসা কুড়িয়েছেন। তবে হইচইয়ের সঙ্গে এটি তার প্রথম কাজ।
বিয়ে এক পবিত্র বন্ধন, কিন্তু সেই বন্ধন সবসময় সবার পক্ষে ধরে রাখা সম্ভব হয় না। এমন এক বাস্তবতার মুখোমুখি হয় এ গল্পের দুই চরিত্র ফারহান ও আমিরা। তাদের সম্পর্কের ভাঙাগড়া নিয়েই নির্মাণ হয়েছে একসাথে আলাদা। রেজাউর রহমানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা।
ঈদের আয়োজনকে আরো বৈচিত্র্যময় করে তুলতে ভিন্নধর্মী এক গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ দম্পতি। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে ঈদের তৃতীয় দিন মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এ দম্পতি, চিত্রনাট্যও লিখেছেন তারাই। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাদের সঙ্গে রয়েছে একটি বিড়াল, যার উপস্থিতি এ গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাভ সিটারের ধারণার পেছনে রয়েছে একটি বাস্তব অভিজ্ঞতা। এক রাতে একটি বিড়ালের কান্না শুনে সেটির খোঁজে বেরিয়ে পড়েন মুশফিকা মাসুদ। শেষ পর্যন্ত একটি অসহায়, ক্ষুধার্ত বিড়ালকে উদ্ধার করেন তিনি ও অমিতাভ রেজা। সে ঘটনাই তাদের মনে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো অসংখ্য অসহায় প্রাণীর প্রতি গভীর সহমর্মিতা জাগিয়ে তোলে। সেই অনুভূতি থেকেই জন্ম নেয় লাভ সিটার। ঈদের তৃতীয় দিন মুক্তি পেতে চলেছে ফিল্মটি।

ক্যাকটাস সিরিজে মেহজাবীন ও প্রীতম
অন্যদিকে নিজস্ব একটি ‘স্পাই ইউনিভার্স’ তৈরির পরিকল্পনা সামনে রেখে ওয়েব সিরিজ নির্মাণ করছেন শিহাব শাহিন। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’ আসতে চলেছে রহস্য ও রোমাঞ্চের আবহে। গল্পটি আবর্তিত হয়েছে এক হ্যাকারকে ঘিরে। মানসি নামের এ চরিত্রের জীবনে রয়েছে এক জটিল যাত্রা, যার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সে কৌতূহলই ধরে রাখবে দর্শককে। মানসিভ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, তার বিপরীতে অনুরা চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহিন নিজেই। পাশাপাশি অন্যান্য চরিত্রে দেখা যাবে মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহাদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু এবং সানজিদা তাসনীমকে। ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ১৭ মার্চ রাত ১২টায় চরকিতে মুক্তি পেতে চলেছে সিরিজটি।





