চিপ নির্মাতা ইন্টেল নেটওয়ার্ক ও এজ ইউনিট বিক্রির পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। নতুন প্রধান নির্বাহী লিপ-বু টান কোম্পানির অপ্রয়োজনীয় খাতগুলো বাদ দিয়ে মূল ব্যবসার ওপর গুরুত্ব দিচ্ছেন। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, একসময় নেক্স নামে পরিচিত এ ইউনিট বিক্রি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু করেনি ইন্টেল। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কোনো সম্ভাব্য ক্রেতার কাছেও প্রস্তাব পাঠায়নি। তবে তৃতীয় পক্ষের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউনিট বিক্রির জন্য ইন্টেল সম্প্রতি বিনিয়োগ ব্যাংকারদের সাক্ষাৎকার নিয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি।
বিশ্লেষকদের মতে, নেক্স ইউনিটটি মূলত টেলিকম যন্ত্রপাতির জন্য চিপ তৈরি করে। কিন্তু কোম্পানির নতুন ব্যবসায়িক কৌশলের সঙ্গে এটি আর সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি ব্রডকমের মতো প্রতিযোগীদের প্রভাব থাকায় এ ইউনিট বিক্রির পরিকল্পনা আরো জোরালো হয়েছে।
গত বছর নেক্স ইউনিট থেকে ইন্টেলের আয় হয় ৫৮০ কোটি ডলার। তবে চলতি বছরের প্রথম প্রান্তিক থেকে এ ইউনিটের আর্থিক প্রতিবেদন পিসি ও ডাটা সেন্টার বিভাগের সঙ্গে একীভূত করা হয়েছে।
এর আগে গত এপ্রিলে ইন্টেল তাদের আল্টেরা ইউনিটের বড় একটি অংশ প্রযুক্তি বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেকের কাছে ৪৪৬ কোটি ডলারে বিক্রি করে। আল্টেরাকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা ছিল ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জারের।
ইন্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি এখন থেকে পিসি ও ডাটা সেন্টার চিপ ব্যবসায় আরো বেশি বিনিয়োগ করতে চায়। তাই তারা মূল খাত নিয়ে কাজ করতে আগ্রহী।
এর পরিপ্রেক্ষিতে গত মাসে যুক্তরাষ্ট্রে ইন্টেলের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট বা চিপ তৈরির কারখানা পরিচালনার জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে ইন্টেল ও টিএসএমসি। বিশ্বের সবচেয়ে বড় দুই চিপ প্রস্তুতকারকের এ অংশীদারত্ব উন্নত চিপ উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে বলে আশাবাদী প্রযুক্তিসংশ্লিষ্টরা।
বেশকিছু সময় ধরে কঠিন সময় পার করেছে ইন্টেল। তাই কোম্পানির চলতি সংকট মোকাবেলায় এপ্রিলে সিইও লিপ-বু টান শুধু মূল ব্যবসায় মনোনিবেশ করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, ‘অপ্রধান (নন-কোর) বা লাভজনক নয়, এমন ব্যবসা ইউনিট বিক্রি বা আলাদা করা হবে।’










