কভিড-১৯ মহামারীসংক্রান্ত ভুল তথ্য অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম ফেসবুক। অপসারণের পরিবর্তে পোস্টগুলোকে অবনমন করা হবে। খবর টেকটাইমস।
সম্প্রতি এক ঘোষণায় ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা এ কথা জানায়। মূলত স্বতন্ত্র তদারকি বোর্ডের কাছ থেকে কভিড-১৯ মহামারীর ভুল তথ্যসংক্রান্ত নীতিমালায় কী ধরনের পরিবর্তন আনা যায় সে বিষয়ে উপদেশ গ্রহণের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
পিসিম্যাগের তথ্যানুযায়ী, ২০২০ সালে বিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ভুল তথ্যের বিস্তার বন্ধে নীতিমালায় পরিবর্তন এনেছিল ফেসবুক। কভিড-১৯ মহামারীসংক্রান্ত ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সে সময় নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। ২০২০ সালের শেষ দিকে কভিড-১৯ মহামারীর প্রথম ভ্যাকসিন দেয়া শুরু হয়। সিনেটের তথ্যানুযায়ী, সে সময় ভ্যাকসিনসংক্রান্ত ভুয়া তথ্য অপসারণে মেটা তাদের নীতিমালায় পরিবর্তন এনেছিল।
মেটার তথ্যানুযায়ী, মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ২ কোটি ৫০ লাখের বেশি পোস্ট অপসারণ করেছে। কিন্তু বর্তমানে প্রচলিত ধারায় পরিবর্তন এবং মেটার বাজার হিস্যা কমতে শুরু করায় প্রতিষ্ঠানটি তাদের নীতিমালায় পরিবর্তন আনতে চাইছে। প্রতিষ্ঠানটি জানায়, কমিউনিটি স্ট্যান্ডার্ডের নীতিমালা মূলত স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিতের পাশাপাশি ক্ষতিকর কনটেন্ট প্রদর্শন নিয়ন্ত্রণ করে। মেটা স্বীকার করে যে স্বাধীনভাবে মত প্রকাশ ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এক নয়। বিশেষ করে যখন নভেল করোনাভাইরাসের মতো মহামারী সময় যখন আসে। ফেসবুক ভুল তথ্যের অপসারণ বন্ধের ঘোষণা দিলেও এর মালিকানা প্রতিষ্ঠান জানায় ভ্রান্ত পোস্ট শনাাক্তে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল রয়েছে।











