ডাটা সেন্টারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বাজারে আবারো প্রবেশের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এমন কাস্টম প্রসেসর তৈরি করবে, যেগুলো শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারবে। খবর রয়টার্স।

কোয়ালকম গতকাল জানিয়েছে, তাদের ভবিষ্যৎ সিপিইউগুলো এনভিডিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহার করবে, যা প্রসেসর ও জিপিইউর মধ্যে দ্রুত এবং শক্তিশালী সংযোগ নিশ্চিত করবে।

প্রসঙ্গত এনভিডিয়া এরই মধ্যে নিজস্ব সিপিইউ তৈরি শুরু করেছে। ‘গ্রেস’ নামের চিপটি তৈরি হয়েছে আর্ম হোল্ডিংসের প্রযুক্তি ব্যবহার করে। কোয়ালকমও একই আর্মভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এক দশক আগে একটি সিপিইউ তৈরি করেছিল ও মেটা প্লাটফর্মসের সঙ্গে পরীক্ষা চালিয়েছিল। কিন্তু খরচ ও আইনি জটিলতার কারণে সে প্রকল্প বন্ধ করে দেয়া হয়।

কোয়ালকমের সিইও ক্রিস্তিয়ানো আমন বলেন, ‘আমাদের কাস্টম প্রসেসরগুলো এনভিডিয়ার র‍্যাম স্কেল আর্কিটেকচারের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা ডাটা সেন্টারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করছি।’

বিশ্লেষকরা বলছেন, চিপ নির্মাতারা এখন এআই-ভিত্তিক হার্ডওয়্যারের দিকে ঝুঁকছে। কোয়ালকমের এ নতুন উদ্যোগ ইনটেল ও এএমডির আধিপত্যে থাকা বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।