অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোম ব্রাউজারে একটি নতুন সুবিধা চালু করেছে গুগল। এখন থেকে ওয়েবসাইটের লেখাগুলো বড় (জুম) করে পড়া যাবে, কিন্তু এতে ওয়েবপেজের ডিজাইন বা লেআউটের কোনো পরিবর্তন হবে না। খবর দ্য ভার্জ।
নতুন হালনাগাদে একটি স্লাইডার অপশন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই লেখার আকার বাড়াতে-কমাতে পারবেন। চাইলে জুম সেটিংস শুধু একটি নির্দিষ্ট ওয়েবপেজে ব্যবহার করা যাবে, অথবা একই সেটিংস সব ওয়েবসাইটে চালু রাখা যাবে। ছোট পর্দায় লেখা পড়তে যাদের সমস্যা হয়, তাদের জন্য এটি বেশ কাজে দেবে বলে মনে করছে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েডে ক্রোম ব্যবহার করে কোনো ওয়েবপেজ জুম করলে পুরো পেজটি বড় হয়ে যেত। যার ফলে পড়তে গিয়েও সাইট ব্যবহার করতে অসুবিধা হতো। তবে নতুন আপডেটে এখন শুধু লেখাই বড় করা যাবে, বাকি ডিজাইন ও ছবিগুলো আগের মতোই থাকবে। ফলে ওয়েবসাইট পড়া আরো সহজ ও আরামদায়ক হবে বলে দাবি টেক জায়ান্টটির।
ফিচারটি ব্যবহার করতে ক্রোম ব্রাউজারের ডান পাশের তিন ডট মেনুতে ট্যাপ করে নিজের পছন্দমতো লেখার আকার বাড়িয়ে নেয়া যাবে।
পাশাপাশি ক্রোমের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) টুলে নতুন সুবিধা এসেছে ডেস্কটপে। এখন থেকে স্ক্যান করা পিডিএফ ফাইল খুললেই স্বয়ংক্রিয়ভাবে লেখাগুলো শনাক্ত করবে ক্রোম। এরপর ব্যবহারকারী সহজেই লেখা হাইলাইট, কপি, খুঁজে পেতে পারবে এবং স্ক্রিন রিডার ব্যবহার করেও শুনতে পারবে।










