ডালাসে ‘গ্রুপ জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। এ ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হলেন তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে লিওনেল স্কালোনি ৯টি পরিবর্তন আনলেও তাতে আর্জেন্টিনার দাপট কমেনি। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও মেসির গোলে জয় নিশ্চিত হয়। শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে—এই জয়ে তাদের উদ্দেশেও শক্ত বার্তা পাঠাল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে ১৯তম মিনিটে দারুণ এক বাঁকানো ফ্রি-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লো সেলসো। ১২ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আলতামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ দেন। তবে ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করেন মেসি। এ গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের মূল পর্বে টানা সাতটি ম্যাচে গোল করার কীর্তি গড়েন। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর।














