বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় সকালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এর ফলে দুই দলই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। আর শেষ মুহূর্তের এ নাটকীয়তায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইরান।
ম্যাচের শেষদিকে স্কোর ছিল ২-২। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে রিয়াদ মাহরেজ নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন অস্ট্রিয়ার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু মুহূর্ত পরই সাশা কালাইজদজিচ হেডে সমতা ফেরান, আর সেই গোলেই শেষ ষোলো নিশ্চিত হয় অস্ট্রিয়ার।
অস্ট্রিয়ার হয়ে অন্য দুটি গোল করেন মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎসার। ১৯৮২ সালের পর এ প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল দলটি। নকআউটে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
আলজেরিয়ার হয়ে মাহরেজের জোড়ার পাশাপাশি একটি গোল করেন রাফিক বেলঘালি। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
অস্ট্রিয়া বা আলজেরিয়ার যেকোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠত ইরান। কিন্তু কালাইজদজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোলে তাদের স্বপ্ন ভেঙে যায়।
৬৯ হাজার ৪৫ দর্শকের উপস্থিতিতে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। আরনাউটোভিচের রেকর্ড ৪৯তম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। বিরতির আগে বেলঘালি সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সাবিৎসার আবার অস্ট্রিয়াকে এগিয়ে দিলেও হুসেম আওয়ারের নিখুঁত ক্রস থেকে মাহরেজ ২-২ করেন।
১৯৮২ সালের বিতর্কিত ‘ডিসগ্রেস অব গিহোন’-এর স্মৃতি ঘিরে আজকের ম্যাচটি নিয়ে নানা জল্পনা থাকলেও দুই দল ড্রয়ের জন্য নিষ্ক্রিয় ফুটবল খেলেনি। বরং যোগ করা সময়ের দুই গোল দর্শকদের উপহার দেয় এবারের বিশ্বকাপের অন্যতম নাটকীয় এক ম্যাচ।














