বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার প্রচণ্ড চাপে পড়ে কোনোভাবে ড্র নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল। গোলশূন্য এ ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে এখন রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হতে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।
আজ বাংলাদেশ সময় ভোরে টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কলম্বিয়ার। মাঝমাঠ থেকে আক্রমণ—সব জায়গাতেই পর্তুগালকে চাপে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। রোনালদোকে প্রায় পুরো ম্যাচেই কার্যকরভাবে আটকে রাখেন কলম্বিয়ার ডিফেন্ডাররা। ফলে ৯০ মিনিটে পর্তুগিজ অধিনায়ক মাত্র একটি শট নিতে পারেন এবং প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেন মাত্র দুইবার।
অন্যদিকে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, জন আরিয়াস ও জন কর্দোবা একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছিলেন পর্তুগালের রক্ষণকে। পুরো ম্যাচে পর্তুগালের ১৩টি শটের বিপরীতে কলম্বিয়া নেয় ২৬টি শট, যার ছয়টি ছিল লক্ষ্যে। বল দখল ও সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল তারা।
তবু গোলের দেখা পায়নি কলম্বিয়া। যোগ করা সময়ের নাটকীয় মুহূর্তে ডাভিনসন সানচেজ বল জালে জড়ালেও কয়েক মিলিমিটারের অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত পর্তুগালকে হার এড়ানোর স্বস্তি এনে দেয়।
ড্রয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। তাদের প্রতিপক্ষ হবে ঘানা। আর এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট পাওয়া পর্তুগাল গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ ৩২-এ খেলবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। ফলে লিওনেল মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের সম্ভাব্য লড়াই এখন কেবল ফাইনালেই সম্ভব।
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস জোয়াও নেভেসকে বেঞ্চে রেখে রুবেন নেভেসকে প্রথম একাদশে নামানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়লেও, ম্যাচে তিনিই ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলারদের একজন। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ প্রত্যাশা পূরণ করতে পারেননি, আর বের্নার্দো সিলভাকে মাঠেই নামানো হয়নি।
অন্য ম্যাচে বিশ্বকাপে ৫২ বছর পর ফেরা ডিআর কঙ্গো লিখেছে নতুন ইতিহাস। আটলান্টায় উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।
ম্যাচের ১০ মিনিটেই এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আফ্রিকান দলটি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়োয়ান উইসা। এরপর ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন উইসা।
১৯৭৪ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণে তিন ম্যাচেই হেরেছিল ডিআর কঙ্গো। এবার প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে হারার পর শেষ ম্যাচে ঐতিহাসিক জয় তুলে নিয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে তারা।
গ্রুপ পর্ব শেষে কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট, পর্তুগালের ৫, ডিআর কঙ্গোর ৪ এবং কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান।














