ব্রাজিলের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। তাদের ফুটবলে যে শিল্প, সৃজনশীলতা আর স্বতঃস্ফূর্ত আনন্দের প্রকাশ দেখা যায়, সেটিই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। বিশ্বকাপ এলেই তাই ব্রাজিলের ম্যাচগুলো ঘিরে আলাদা এক উত্তেজনা কাজ করে। হলুদ জার্সি পরা দলটিকে মাঠে নামতে দেখলেই শৈশবের সেই আবেগগুলো আবার ফিরে আসে।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি আছেন। তাদের মধ্যে জিকো, রোনালদো ও রোনালদিনহো আমার বিশেষ প্রিয়। জিকোর সৃজনশীলতা, রোনালদোর গোল করার অসাধারণ ক্ষমতা ও রোনালদিনহোর নান্দনিক ও আনন্দময় ফুটবল; ব্রাজিলিয়ান ফুটবলের প্রকৃত নৈপুণ্য এবং সৌন্দর্যকে তুলে ধরে।

ইতিহাস, ঐতিহ্য, প্রতিভা ও ধারাবাহিকতার বিচারে ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার। একজন সমর্থক হিসেবে হৃদয় অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলে, আর তাদের হাতেই ট্রফি দেখতে চাই।