পপ তারকা টেইলর সুইফটের রয়েছে বিশাল এক ফ্যানবেস। সে ফ্যানদের মতোই একজন ভক্ত পাকিস্তানি নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তাই সব ফেলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের লন্ডনে সুইফটের কনসার্ট উপভোগ করতে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টেইলর সুইফটের এ কনসার্ট। ১৭ আগস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট লিখে মালালা তার আনন্দঘন অভিব্যক্তি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এ কনসার্টে যোগ দিতে পেরে সত্যিকার সংগীতের যে ক্ষমতা, সমাজে এর প্রভাব সবকিছুই সেখানে অনুভব করেছেন। মালালা তার ছোটবেলার বন্ধু মনিবার কথা মনে করে তার পোস্টে লিখেছেন, ‘আমরা এমন একটি সময়ে বেড়ে উঠেছিলাম যখন সংগীত, শিল্প সব নিষিদ্ধ ছিল। সে সময় মিউজিক আমাদের কাছে উপহারের মতো লাগত। ’
মালালা ইউসুফজাই আফগানিস্তানে তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করে নারীদের অধিকার নিয়ে কথা বলে বিশ্বজুড়ে আলোচনায় আসে। শৈশবের স্মৃতিচারণ করে তিনি সোয়াত উপত্যকায় কাটানো দিনগুলোর কথা মনে করেন।
মালালা লেখেন, ‘স্কুলে যাওয়ার অনুমতি পাওয়ার পর আমরা বন্ধুরা ঘুরতে যেতাম, একসঙ্গে হাসতে ও গান করতে পারতাম।’ তিনি উদ্বেগ জানিয়ে আরো লেখেন, ‘বর্তমানে আফগানিস্তানে আবার তালেবান যুগ ফিরে এসেছে। তিন বছর আগে আফগানিস্তানে আবারো ক্ষমতায় এসেছে তালেবান। মেয়েদের স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে। তাদের স্কুলে যেতে দেয়া হচ্ছে না। তাদের শিল্পচর্চা, সংগীতচর্চা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করতে চাই, যেখানে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবে।’ মালালা টেইলর সুইফটের এ কনসার্টে গিয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে। কনসার্ট শেষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটি ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি এই প্রথম টেইলর সুইফটের কনসার্ট শুনেছি আমার বন্ধুদের নিয়ে, আমার পছন্দের সব গান শুনেছি। ’
সব মিলিয়ে বর্তমান পাকিস্তানে তালেবান পরিস্থিতি নিয়ে শঙ্কিত মালালা ইউসুফজাই।
সূত্র: ইয়ন











