২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে সংস্থাটি।
রাজধানীর নির্বাচন ভবনে আজ নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।
তিনি বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছি। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল নিয়ে আলোচনা হবে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, ‘এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু কমিটির রিকমেন্ডেশনগুলো এখনো ক্রিস্টালাইজ করা হয়নি। ব্রড ফ্রেম অব রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্ত এসওপি করা হয়নি, যে কী কী জিনিস তারা দেখবে যাতে কোনো রকমের অসংগতি না থাকে। আমি একটা ব্রিফিং দেবো সামগ্রিক বিষয় নিয়ে।’










