মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে আজ সকালে ঢাকায় জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহতদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।
অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন ড. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নেয়। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশা ব্যক্ত করে তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এ মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এ সংকটকালে ইরানি জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের বিপদগ্রস্ত ও নিপীড়িত মানুষের পাশে কাজ করে আসছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তায় অংশগ্রহণ তাদের দায়িত্বের অংশ বলেও তিনি মন্তব্য করেন।










