জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
যে চার আসামিকে হাজির করতে বলা হয়েছে তারা হলেন- প্রধান আসামি এএসআই আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ।
আদেশের বিষয়ে প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাঈদের ঘটনা ২০২৪ সালের জুলাইয়ে সবচেয়ে আলোচিত ঘটনার একটি। রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ও তাদের সহযোগিরা ক্যাম্পাস থেকে তাকে পিটিয়ে বের করে দেয়। তিনি শান্তিপূর্ণভাবে দুই হাত বাড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তখন গুলিতে শহীদ হন আবু সাঈদ। ওই ঘটনায় জড়িত মামলার চার আসামি গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। তাদের আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্যে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার তদন্ত এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হতে পারে বলেও জানান তিনি।










