গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় নাজমুল (১৮) নামের আরেকজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে গুলির খোসাও পাওয়া গেছে। তবে তাকে কখন গুলি করা হয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।

এর আগে ১৮ আগস্ট দুপুরে নগরের রায়েরমহলে রাজু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামের এক যুবকের মাথায় গুলি করার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে ইটভাটার মধ্যে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়।