বাংলার জমিনে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে যাদের বাংলাদেশে রাজনীতি করা নিষিদ্ধ এবং যাদের অতীত ইতিহাস গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত, তারা গণতান্ত্রিক যাত্রাপথ ব্যাহত করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।’
গতকাল বিকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চায়, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।’
সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি দাবি করেন, ‘ফ্যাসিস্টের দোসররা দিল্লির অট্টালিকায় বসে ষড়যন্ত্র করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বর্তমান বিরোধী দল মিলেমিশে দুই অপশক্তি এক হয়েছে।’ ডিসেম্বরে দেশে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার হুমকি দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাদের প্রতিহত করার ঘোষণা দেন মন্ত্রী।
দেশের স্বার্থ রক্ষার প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। ভৌগোলিকভাবে আমাদের এমন অবস্থান, আমাদের চোখ রাঙালে কোনো লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কারো নেয়ার ক্ষমতা নেই।’ তিনি ভারতীয় সম্প্রসারণবাদকে বিদায় জানানোর কথা বলেন। একই সঙ্গে বিএনপির প্রয়াত নেত্রী খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের প্রভু নেই।’
ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুৎ ঘাটতি তৈরি করতে সরবরাহ কমিয়ে অর্ধেকে নিয়ে আসা হয়েছে। তার ভাষ্য, দেশে বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের দিকে এগোচ্ছে সরকার এবং দেশের প্রতিটি হাসপাতালকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। গ্যাস সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে গ্যাসের মজুদ রয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত ও মিয়ানমার গ্যাস উত্তোলন করে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।
সার সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগের সরকারের সময় নিয়োগ পাওয়া সারের ডিলারদের বাদ দেয়া হয়নি। তার দাবি, দেশে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় আগের ডিলারের পাশাপাশি নতুন ডিলার নিয়োগ দেয়া হচ্ছে, যাতে কৃষকরা সহজে সার পান।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আপনারাই দলের মূলশক্তি। কাজেই দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।’
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, জেলা জজ আদালতের পিপি নুরতাজ আলম বাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










