রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার তারা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। এছাড়া, পরীক্ষার চাপ সামলাতে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে (রাবির) ভর্তি বিষয়ক উপকমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি বলেন, আসনবিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয়, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে।’
অধ্যাপক মো. ছাইফুল আরও বলেন, প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হবে।








