লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আব্দুর রাজ্জাক নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের ঘুন্টি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর গ্রামের মৃত সেকেন্দর আলীর ছেলে। তিনি লালমনিরহাট বিভাগীয় শাখায় খালাসি পদে চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক তার পরিচিত হুমায়ুন কবির রুবেলের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে বুড়িমারী কমিউটার আপ ট্রেনে বুড়িমারী আসেন। ঘুন্টি বাজার থেকে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় কিছুক্ষণ আগে যাওয়া ট্রেনটি বুড়িমারী থেকে ফিরে আসছিল। স্থানীয় অনেকে চিল্লাচিল্লি করলেও সে আর শোনেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।










