নোয়াখালীর বসুরহাটে গত মঙ্গলবার গুলিতে নিহত যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যা মামলার ঘটনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় এ ঘটনায় কোনো হত্যা মামলা হয়েছে কিনা তা জানাতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালত এ নির্দেশ দেন।
এর আগে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন রাজু গতকাল দুপুরে কাদের মির্জাকে প্রধান আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। বিকালে শুনানি শেষে আদালত মামলা গ্রহণপূর্বক এ আদেশ দেন।
এদিকে মামলার বাদী জানান, দুইদিন থানার বারান্দায় ঘোরাঘুরি করলেও মামলা গ্রহণ করেনি কোম্পানীগঞ্জ থানা। গতকাল ঘটনার ছয়দিন পর আদালতে পিটিশন দায়ের করলেও আদালত থানাকে এফআইআর কাটতে নির্দেশ না দিয়ে কোনো মামলা হয়েছে কিনা তা জানতে চেয়েছে।
মামলার বাদী নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন জানান, শুরুতে থানা মামলা নেয়নি। থানার ওসি বলেছেন আবদুল কাদের মির্জা ও তার পরিবারের সদস্যদের নাম কর্তন করা হলে মামলা নেবে। কিন্তু বাদী তাদের নাম কর্তন করতে রাজি হয়নি বলে মামলা নেয়নি। ফলে প্রতিনিয়ত বাদী ও তার পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এমদাদ আরো জানান, গত ছয়দিন তিনিসহ তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগেছেন, আগামী ১৫ দিনও তাদের পুরো পরিবারকে ভয়ংকর পরিস্থিতি পার করতে হবে। তিনি জানান, গতকাল সকালে তাকে আদালতে না আসতে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল আবদুল কাদের মির্জার লোকজন। তবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি অবশেষে আদালতে উপস্থিত হন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার বলেন, আদালত পিটিশন মামলা (নং ১৬৮/২০২১) গ্রহণপূর্বক একই বিষয়ে কোনো হত্যা মামলা কোম্পানীগঞ্জ থানায় হয়েছে কিনা তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জানানোর জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। যেহেতু আদালতপাড়া থেকে সংশ্লিষ্ট থানা সন্নিকটে সেক্ষেত্রে ১৫ দিন অনেকটাই বেশি হয়ে গেছে। ২৪ ঘণ্টা সময়ও যথেষ্ট ছিল। তার পরও তিনি আশা করেন, আগামী ১৫ দিন পর আদালত গ্রহণযোগ্য একটি পদক্ষেপ নেবেন, যাতে করে মামলার বাদী সঠিক বিচার পান।
বাদীপক্ষের আইনজীবী জানান, মামলায় কাদের মির্জা ছাড়াও তার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও তার ছোট ভাই সাহাদাত হোসেনসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।










