খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ চেম্বারে ছুরিকাহত হয়েছেন শিশু বিশেষজ্ঞ (কনসালট্যান্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক মহসিন পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে। তিনি বর্তমানে নড়াইল সদরের উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত।

হাসপাতাল সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ডা. উত্তম কুমার দেওয়ানের কক্ষে প্রবেশ করে মহসিন গাজী তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। বিষয়টি টের পেয়ে লোকজন এগিয়ে এসে ছুরিসহ মহসিন গাজীকে আটক এবং ডা. উত্তমকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। পরে মহসিন গাজীকে পুলিশে সোপর্দ করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে মহসিন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আহত ডা. উত্তম কুমার দেওয়ানকে খুমেক হাসপাতালে গিয়ে দেখে এসেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।