বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. রেজাউল হক ও বেরোবি উপাচার্য প্রফেসর ড. শ‌ওকাত আলী।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর প্রথম ১৫ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তবে বর্তমান সময়ে প্রতিষ্ঠানটি নতুন করে পুনর্জাগরণের পথে রয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে উন্নতমানের জ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সামাজিক সহায়তার প্লাটফর্মগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন।’

শিক্ষাবান্ধব মানসিকতার শিক্ষক-শিক্ষার্থীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘অবকাঠামোগত ঘাটতি পূরণের পাশাপাশি প্রকৃতিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।’