সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং বরিশাল বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৭৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ৮ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের।