গতকাল জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে সংবিধান সংশোধন হয়নি। তাই দেশের বিদ্যমান সংবিধান অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান বিধান অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।’
জুলাই সনদের সমঝোতা সম্পর্কে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেখানে চারটি বিষয় উল্লেখ আছে। তার মধ্যে দুটি বিষয়ে সব দল মোটামুটি একমত—অর্থবিল ও আস্থা ভোট। সবাই মনে করেন, ৭০ অনুচ্ছেদে এ দুই বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য দুই বিষয় সংবিধান সংশোধনসংক্রান্ত বিল ও যুদ্ধ পরিস্থিতিতে দলের বাইরে ভোট দিতে পারবে কিনা—এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে, এ দুই বিষয়ে সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। আরেকটি বড় বিরোধী দল তখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের প্রার্থী রয়েছেন। তার মতে, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত এবং এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হবে।
তিনি আরো জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তাতে বিরোধী দলের সদস্যরা এখনো যোগ দেননি।










