কারিগরি ক্রুটিতে বন্ধ হয়ে যাওয়া আদানির বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আগামী ২৬ এপ্রিল পুনরায় উৎপাদনে ফিরবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আরো কয়েকটি ইউনিট উৎপাদনে আসছে আগামী মে মাসের শুরুতে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা।

ব্রিফিংয়ে তিনি বলেন, আদানি ২৬ এপ্রিলের মধ্যে, এসএস পাওয়ার ২৮ এপ্রিলের মধ্যে এবং আরএনপিএল (আরপিসিএল-নরিনকো) মে মাসের প্রথম সপ্তাহে উৎপাদন শুরুর আশা করা হচ্ছে।

তিনি জানান, সরকার মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে অতিরিক্ত ১ হাজার ৯৮২ মেগাওয়াট সরবরাহ আশা করছে।

বর্তমানে দেশ জ্বালানি সংকটে রয়েছে—কয়লা, গ্যাস ও ফার্নেস অয়েলের ঘাটতি রয়েছে। এর ফলে লোডশেডিং করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যা চাহিদার তুলনায় কম উৎপাদনের ফল বলে তিনি জানান।