রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। ফাইনালে রাজশাহী মেডিকেল কলেজকে (রামেক) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছেন রামেকের হাসিন আনজুম, ফাইনালে সেরা বিতার্কিক হয়েছেন রুয়েটের তাসমিয়া আক্তার প্রাপ্য।

গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনালে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রামেকের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা খানম এবং শিক্ষক কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক ড. ফারহান ইমতিয়াজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার প্রমুখ। এ আয়োজনের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

গত শুক্র ও শনিবার প্রতিযোগিতার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহীর আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতায় অংশ নেন রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিচারক ছিলেন রাবি, রুয়েট, রামেক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রবীণ বিতার্কিকরা।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগও পাচ্ছেন। এর ফলে নবীন শিক্ষার্থীদের চিন্তাভাবনার দিগন্ত আরো প্রসারিত হবে। রুডো ভবিষ্যতেও এ আয়োজন চালু রাখবে।’