দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকায় ভোট দিতে আসেন তিনি।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র এবং গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছে।

মন্ত্রী আরো বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্য মতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারো তারা আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।