আর্চারিসহ যেসব খেলা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বাড়িয়েছে, সেগুলোর জন্য বিশেষ পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার (৮ মার্চ) গাজীপুরের টঙ্গীতে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫০টি ফেডারেশন রয়েছে। এর মধ্যে আর্চারি ফেডারেশন আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে। বর্তমানে নারী আর্চাররা বিশেষ অবদান রাখছেন।
উপদেষ্টা আরো বলেন, শুধু খেলাধুলাতেই নয়। বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। বিশেষ করে গার্মেন্টস খাতে নারীদের ভূমিকা অনস্বীকার্য।
নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত নারীসহ সকল অংশগ্রহণকারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপদেষ্টা বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। পরে তিনি প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, জাতীয় আর্চারি ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্টের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।








