টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নরসিংদী, পটুয়াখালী, কুড়িগ্রাম ও খুলনায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড়ালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে মা ও মেয়ে নিহত হয়। নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রীর সাদিয়া কবীর (৩২) ও তার আট মাসের শিশুকন্যা তাজরি কবীর প্রিয়ম। গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী: বেলাবতে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেলের (৩০) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। আহতরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) ও কুমিল্লার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নূরে আলম (৩৫)।

অন্যদিকে নরসিংদীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আকলিমা বেগম সদর উপজেলার হাজীপুর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।

পটুয়াখালী: জেলার দুমকীতে যাত্রীবাহী অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিমেন্টবাহী টমটমের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল (৬) নামে একটি শিশু নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ইব্রাহিম খান (৬০)। গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আব্দুল কাদেরকে (৫০) বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউলের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা গ্রামে এবং ইব্রাহিমের বাড়ি কলতা গ্রামে।

দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দীন জানান, অটোরিকশা ও টমটম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবার অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা: নগরীতে মাইক্রোবাস চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে নগরীর শেরেবাংলা রোডের এসওএস শিশুপল্লী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে কালো রঙের সোয়েটার ও কালো বোরকা ছিল।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক শাকিলকে খুলনা সদর থানায় হেফাজতে নেয়া হয়েছে।

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আহম্মেদ (২৯) উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।