চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো পাঁচজন। সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— নেজাম উদ্দিন ও আবু ছালেক।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, আমরা দুজনের মরদেহ পেয়েছি। ঘটনাটি রাজনৈতিক নাকি ডাকাতি করতে এসে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্বজনরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালে কর্মরত পুলিশ উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আনা হয়েছিল। তাদের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের আবার পার্কভিউতে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। কেউ বলছেন, আওয়ামী লীগের পতনের পর এলাকার ক্ষমতা দখল করে প্রভাব বিস্তার করার জন্য জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে গোলাগুলির পর গণপিটুনিতে এ হতাহতের ঘটনা ঘটে। আবার কেউ বলছেন, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।