ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে না পারলে সামাজিক সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। তাই সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল সকালে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে জেলার বিদ্যমান নানা সংকট, নাগরিক হিসেবে আপনার দায় শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

এ সময় নাগরিকরা জেলায় গণপরিবহন বৃদ্ধি, ভূমি বিভাগে হয়রানি বন্ধ, সরকারি হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যত্রতত্র স্থাপিত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড তুলে দেয়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, থানায় হয়রানি ছাড়া মামলা গ্রহণ, ফোর লেন সমস্যা দ্রুত সমাধান ও রেলপথে  নোয়াখালী-ঢাকা সরাসরি আধুনিক ট্রেনের দাবিসহ নানা সংকট সমাধানে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে ও সাংবাদিক সুমন ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক জামাল হোসেন বিষাদ, শিক্ষক নেতা আবুল কাশেম, আবদুল আলিম, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ কাইয়ুম, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, হাসপাতাল মালিক সমিতির নেতা বোরহান উদ্দিন মিঠু প্রমুখ।