উইমেনস টি২০ ইমার্জিং এশিয়া কাপের অভিষেক আসরে শিরোপার স্বপ্ন জাগিয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারায় লতা মণ্ডলের দল। আজ শিরোপার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ‘‌এ’ দলের মেয়েরা। হংকংয়ের কাউলুন মিশন রোড গ্রাউন্ডে ফাইনাল টি২০ ফরম্যাটের এ ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।

গতকাল বৃষ্টিতে ছোট হয়ে আসা ৯ ওভারের সেমিফাইনালে ৭ উইকেটে ৫৯ রান তোলে বাংলাদেশ। একটি পর্যায়ে ১৬ রানে ৬ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত নাহিদা আক্তার (২১) ও রাবেয়া খানের (১০) ব্যাটে ভর করে প্রতিপক্ষকে ৬০ রানের টার্গেট দিতে সমর্থ হয় লাল-সবুজরা। রান তাড়া করতে নেমে পাকিস্তান ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলতে সমর্থ হয়। রাবেয়া খান দুটি এবং নাহিদা ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন। 

আট দলের এ আসরে এশিয়ার ওয়ানডে খেলা চার দেশের ‘‌এ’ দল ও আইসিসির সহযোগী চার দেশ অংশ নেয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার ‘‌এ’ দল ছাড়াও অংশ নেয় স্বাগতিক হংকং, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘‌এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও হংকং এবং ‘‌বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা, মালয়েশিয়া ও আরব আমিরাত প্রতিদ্বন্দ্বিতা করে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে ওঠে। 

ভারত ও শ্রীলংকার প্রথম সেমিফাইনালটি নির্ধারিত তিন ও রিজার্ভ ডেতেও অনুষ্ঠিত হতে পারেনি। গ্রুপ পর্বে এগিয়ে থাকায় ভারত ওঠে সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণে নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতে পারেনি। গতকাল রিজার্ভ ডেতেও হানা দেয় বৃষ্টি। পরিশেষে ৯ ওভারের থ্রিলার জিতে নেয় লতা মণ্ডলের দল।

শিরোপা জয়ের প্রত্যয় ঝরল বাংলাদেশ দলনায়ক লতা মণ্ডলের কথায়। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‌ম্যাচের শুরুতে আমাদের ব্যাটারদের একটু সংগ্রাম করতে হয়েছে। তবে মিডল অর্ডার ব্যাটাররা সুন্দরভাবে ইনিংসটা সাজিয়েছে। আমাদের বোলাররা খুবই ভালো বল করেছে। এ কারণে ফল এসেছে। কালকে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ। সবাই দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়নস ট্রফিটা 

নিতে পারি।’