আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না। তবে একটা সমঝোতা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা সব সময় বলেছি প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে। সেই নীতিতেই আমরা এগোচ্ছি। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও সংযুক্ত হচ্ছেন। আরো অনেকেই সংযুক্ত হবেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।

একইসঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা জানান জামায়াত আমির।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোট প্রসঙ্গে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। কারণ নির্বাচনের আগে গণভোট না হলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে। এজন্য আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনি বাস্তবতা খুঁজে পাক।

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংরাদেশীরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান। কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা এখনো তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছি না।

শফিকুর রহমান তৃতীয় মেয়াদে দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন।