বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। ফলে কোনো আলোচনা ছাড়াই সেটি সংসদে পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আইন সংশোধনীর বিষয়টি অনুমোদন করা হয়। এখন রাষ্ট্রপতি সই করলে এটি আইনে পরিণত হবে।
বিল পাসের মাধ্যমে আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা (৩সি) বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় বলা ছিল, একজন সংসদ সদস্য তার পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে, উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়া সরকার নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন। এতে আরো বলা ছিল, একজন সংসদ সদস্য সর্বশেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির অধিকারী হবেন।
সরকারি দল ও বিরোধী দল আগেই বলেছিল, তারা কেউ শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না। সে অনুযায়ী আইনে পরিবর্তন আনা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধা না নিলেও সংসদ সদস্যরা অবশ্য সরকারি গাড়ি সুবিধার দাবি তুলেছেন। সরকারও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।










