আধিপত্যের দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের হামলায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বেলা ২টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম চরমুক্তারপুরে কয়েক দফা হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল দেওয়ান গ্রুপের মধ্যে বেসরকারি শিল্প-কারখানায় নিয়োজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন। এর সূত্র ধরে এ হামলার ঘটনা। আহতদের মধ্যে ইসমাইল দেওয়ান (৪০), রনি (২৪), সবুজ (৩০) ও মো. ইসমাইলকে (৫০) গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে পশ্চিম মুক্তারপুরে আধিপত্য ও ব্যবসায়ী ফজল হক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে শাহ আলম এবং ইসমাইল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ায় সমর্থক হিসেবে এলাকায় প্রভাব বিস্তার শুরু করে শাহ আলম গ্রুপ। অন্যদিকে প্রতিপক্ষের ইসমাইল দেওয়ান গ্রুপের সমর্থকরা এ আসনে পরাজিত নৌকার প্রার্থীর পক্ষ নেয়।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্থানীয় শ্রমিক গ্রুপ নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের দ্বন্দ্বে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।