জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সন্দেহভাজন এক ব্যক্তির তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ আজ বলা হয়েছে, এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে পুলিশের দেয়া (০১৩২০-০৮৯৩০৫) হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

পুলিশ বলছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

এদিকে সন্দেহভাজন ধরা না পড়ায় আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি ঘটনার দিন সন্ধ্যা থেকে প্রায় সোয়া চার ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে তিনি প্রক্টর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ওই ব্যক্তি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন।