সর্বজনীন পেনশনের
‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক
করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন শিক্ষকরা।
শনিবার (১৩ জুলাই) বেলা
১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দুপুর ১টার দিকে বৈঠকটি
শেষ হয়।
বৈঠক শেষে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া
সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সন্তোষজনক হয়েছে।’ তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের কথা
জানাননি শিক্ষকদের এ নেতা। তিনি বলেন, ‘আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে কথা বলার পর
সিদ্ধান্ত জানাব।’
পেনশন স্কিম নিয়ে
সরকারের সঙ্গে আলোচনা করার কথা, সেটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন—
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশাপাশি একজন প্রতিমন্ত্রী আমাদের
নিয়ে বসেছেন।’
বৈঠকে প্রধানমন্ত্রীর
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক
বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার
চাপা প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে শিক্ষকদের
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
অধ্যাপক ড. জিনাত হুদা, শিক্ষক নেতা অধ্যাপক ড. আবদুর রহিম ও অধ্যাপক শফিউল আলম
ভূঁইয়া প্রমুখ।










