কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেয়ায় দায়ে রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ৪ ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ও বন্ধ করে দেয়া হয়।
জানা গেছে, অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিটের ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ করে দেয়া হয়।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআইর আহসান হাবীব খান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।










