বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের প্রাইমারি টেক্সটাইল ও রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং খাতটির টেকসই উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিএমএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বৃদ্ধির স্বার্থে টেক্সটাইল খাতের জন্য কিছু বিষয়সমূহ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিটিএমএ’র নেতাদের উপস্থাপিত বিষয়সমূহ অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শুনেন।

তিনি প্রাইমারি টেক্সটাইল শিল্পের বর্তমান চ্যালেঞ্জসমূহের গুরুত্ব উপলব্ধি করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। উক্ত কমিটিতে বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অন্তর্ভুক্ত করা হবে ।

কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম সভায় মিলিত হয়ে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে ।

কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস প্রদান করেন । সাক্ষাৎ শেষে বিটিএমএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঘোষিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিটিএমএ’র পক্ষ থেকে ১ লক্ষ সেট স্কুল ড্রেস সরবরাহের জন্য ইতোপূর্বে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে ।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সেখানে উপস্থিত ছিলেন । এছাড়াও আরো উপস্থিত ছিলেন এ মতিন চৌধুরী, সাবেক সভাপতি, বিটিএমএ, শামীম ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ, বাদশা মিয়া, পরিচালক, বিটিএমএ, চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, পরিচালক, বিটিএমএ, সৈয়দ এনায়েত কবীর, সাবেক পরিচালক, বিটিএমএ, প্রকৌশলী রাজীব হায়দার, সাবেক পরিচালক, বিটিএমএ, হেলাল মিয়া, চেয়ারম্যান, আমানাত শাহ গ্রুপ, সামিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, মুন্নু ফেব্রিক্স লিমিটেড ।