বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তা-কর্মচারীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ মঙ্গলবার
(২০ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা
গেছে।
পদত্যাগপত্রে ২০ আগস্ট থেকেই পদত্যাগ কার্যকর করার জন্য আবেদন করেছেন।
এর আগে ২০২৩ সালের ২২ মার্চ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ১৪ আগস্ট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
দেন, এতে কমিশনের নানা রকম অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়েছে। ১৩ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের
যৌথসভা কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবিতে ১৮ আগস্ট থেকে কর্মবিরতি
পালন করে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যান এবং সদস্যদের গাড়ি চালক ও অফিস সহকারীরাও আন্দোলনে শামিল
হন। গাড়ি চালকরা ১৯ আগস্ট থেকে গাড়ি বন্ধ রাখেন। ১৯ আগস্ট কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা
নিজ ব্যবস্থাপনায় অফিস করলেও ২০ আগস্ট তাদের অফিসে দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিইআরসির কর্মকর্তা-কর্মচারীরা তাদের কক্ষ তালাবদ্ধ
করে রাখে। বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, যোগ্য ও কমিশনের আইন অনুযায়ী সংস্থাটির
চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হোক। একইসঙ্গে তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।








