লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার পিলারে ৯ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কালাম ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।
বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের কাছে বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা আবুল কালামকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুরুতর আহত হলে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি গরুর ব্যবসায়ে সঙ্গে জড়িত ছিলেন।
৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।’
নিহতের মা মমতা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ কী অপরাধের জন্য বিএসএফ তাকে গুলি করে হত্যা করল, আমি এ হত্যার বিচার চাই।’
পাটগ্রাম থানার ওসি মো. আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।’










