কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত মোট তিনবার হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম হামলার ঘটনা ঘটে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে রাত ৮টার দিকে। এতে আহত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া প্রতিনিধি সুলতান মারুফ তালহা, অন্যতম নেতা আলী মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম ও নয়ন হোসেন প্রমুখ।
সুলতান মারুফ তালহা বলেন, ‘একদল যুবক এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর বিভিন্নভাবে হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন আয়াস, আকাশ, রাসেলসহ তাদের লোকজন এ হামলা করেন। কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’










