ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন। তার মনোনয়ন বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেনি ইসি। ফলে তার প্রার্থিতা বহাল রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্রসংক্রান্ত আপিল শুনানির প্রথম দিন শেষে এ তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা গেছে, সরকারী চাকরি থেকে অবসর বা অব্যাহতির তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে তার প্রার্থিতা বাতিলই থাকছে।

অপরদিকে জীবা আমিনা খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন যথাযথ না হওয়ায় তা খারিজ করেছে ইসি। ফলে তার প্রার্থিতা বহাল রয়েছে।

আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তার মনোনয়ন বাতিল থাকল।

ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টে রিট করব। আইনের অস্পষ্টতার কারণে নারীদের সংসদে প্রতিনিধিত্ব ও রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হওয়া উচিৎ নয়।

জীবা আমিনা খানের প্রার্থিতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, জীবা আমিনা খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় ওই আপিল আবেদন খারিজ করা হয়েছে। ফলে তার প্রার্থিতা বহাল থাকবে।

বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেছিলেন চন্দ্রা চাকমা। আজ ইসিতে এর শুনানি হয়। তবে আপিল আবেদন খারিজ হয় বলে জানান চন্দ্রা চাকমা। ফলে মাধবী মার্মার মনোনয়নপত্র বৈধ থাকবে।