শেরপুরের শ্রীবরদীতে সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মাটিচাপায় লোকমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সাতানি শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। লোকমান উপজেলার কলাকান্দা গ্রামের বাসিন্দা।
শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ঘটনার রাতে স্থানীয় পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন লোকমান। ইটের গাঁথুনি দেয়ার সময় মাটি ধসে পড়লে লোকমান মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










