ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। গতকাল তারা এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী আজ থেকে শনিবার পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের আশ্বাস ও আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয়, সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনটি ম্যাজিস্ট্রেট টিম মহাসড়কে কাজ করছে। কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ সোমবার মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। শুরুতে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হলেও পরে তা সহিংস হয়ে ওঠে। বেলা পৌনে ১টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালানো হয়। অফিসার্স ক্লাবসংলগ্ন গ্যারেজেও অগ্নিসংযোগ করা হয়। বেলা ৩টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সহিংসতার পর সোমবার রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটি পুনর্বিবেচনাকরণে রাতেই নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন গতকাল সকাল থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে আসে স্থানীয় জনতা। তখনই পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। ফলে তারা সড়ক অবরোধ করতে পারেনি।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনসাধারণ অতিরিক্ত ভোগান্তির শিকার না হয়। এজন্য পুলিশ মাঠে আছে। তবে পুকুরিয়ায় স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিল। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ঢাকা-বরিশাল ও খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’