কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়ার কারণে ১৩টি ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। গত ৪৮ ঘণ্টা ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে রয়েছে এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক-দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির এবং এফবি জনি।
দেলোয়ার হোসেন জানান, কক্সবাজার উপকূলে বুধবার থেকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জেলেরা উপকূলে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। এরই মধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে দুই জেলের মরদেহসহ প্রায় তিন শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নিখোঁজ ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে গত ৪৮ ঘণ্টা ধরে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ট্রলারে থাকা ৫ শতাধিক জেলের সঙ্গে কোনো ফোন সংযোগও পাওয়া যাচ্ছে না।
এদিকে টানা বর্ষণের কারণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুটি পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। ট্রলার ডুবে মৃত্যু হয়েছে আরো দুই জেলের। এছাড়া টেকনাফে বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু। আবার শুক্রবার একদিনেই কক্সবাজারে ৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
বৃষ্টি কমে আসায় শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা কেটে গেলেও অনেক জায়গায় এখনো দুর্ভোগ রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।










