সাংবাদিককের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুলাই) রাতে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৮ জুলাই ২০২৪ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ের (বাড়ি- ৫১/এ, সড়ক- ৩/এ, ধানমন্ডি, ঢাকা) সামনে আপনার বিরুদ্ধে একজন সাংবাদিকের ওপর হামলার একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এ কর্মকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূত এই কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৮ জুলাই) যুগান্তরের সাংবাদিক রফিকুল ইসলাম আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে তার (সাংবাদিকের) ওপর অতর্কিত হামলা করে রাসেল এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা। এ ঘটনার পর দিন মঙ্গলবার (৯ জুলাই) রাসেলকে শোকজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।