রাজধানীর বনানীতে ভূইয়া পরিবহনের বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা সড়কের সৌন্দর্যবর্ধন কাজে নিয়োজিত ছিলেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্ত হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।










