আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে ১১ দলীয় জোট। রাত ৮টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে জোটের ১০টি দলের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিল না ইসলামী আন্দোলনে কেউ।

বৈঠক সূত্র জানিয়েছে, কোন দলকে কতটি আসনে ছাড় দেয়া হবে, বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে বাকি ২৫০ আসনে সমঝোতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দল। এর নাম দেয়া হয়েছে '১১ দলীয় নির্বাচনী ঐক‍্য'। আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবেই একসঙ্গে থাকবো বলে প্রত‍্যাশা। রাত ৮টায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।’ ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব।’