দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভ শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এ কনক্লেভের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।
অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী; বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) জ্যঁ পেম, এমসিসিআইয়ের সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি'র সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম রিজওয়ান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম।
কনক্লেভে দেশের জ্বালানি নিরাপত্তা, জ্বালানি খাতের রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিনিয়োগ সম্ভাবনা এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।










