দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে এই অবরোধ করেন তারা। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি কলা ভবন, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানী শাহবাগের গুরুত্বপূর্ণ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, শাহবাগে সাময়িক অবস্থান নেবেন তারা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, প্রায় আধা ঘণ্টার মতো থাকা হবে, এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে বিক্ষোভ শেষ করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শুক্রবার আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করব। 

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলরত শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের কয়েকটি জায়গাসহ দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।